প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
উল্লাপাড়ায় ডা. সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী চিকিৎসক ডা. সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার গয়হাট্টা বাজারে নিহত চিকিৎসকের পরিবার ও আলিগ্রাম এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত ডা. সাইফুল ইসলামের স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে “ডা. সাইফুলের হত্যাকারীদের ফাঁসি চাই”, “হত্যার বিচার চাই” ইত্যাদি স্লোগান লিখে বিক্ষোভ জানান।
বক্তারা বলেন, ২০০৯ সালের ২৯ এপ্রিল গভীর রাতে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হন পল্লী চিকিৎসক ডা. সাইফুল ইসলাম। তিনি ছিলেন এলাকার দরিদ্র মানুষের পরম বন্ধু, নিবেদিতপ্রাণ সমাজসেবক ও মানবতার চিকিৎসক। কিন্তু দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও তাঁর হত্যাকারীরা আজও আইনের আওতায় আসেনি।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে এ হত্যাকাণ্ডের তদন্ত বারবার ধামাচাপা দেওয়া হয়েছে। তারা বলেন, “এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সমাজে দুষ্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।”
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান এবং বলেন, “ডা. সাইফুল ইসলামের মতো সমাজসেবকদের হত্যা করে কেউ রেহাই পাবে না— এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”
এ সময় বক্তব্য রাখেন— উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, শহীদ সাইফুল ইসলামের ভাই আলহাজ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, বড় পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের সভাপতি ইব্রাহিম খলিল, নিহতের ছোট ছেলে ইলিয়াস সুলতান রাসু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাদ করিম নয়ন, আলিগ্রামের বিশিষ্ট আলেম আবু সাইদ, মাওলানা আব্দুল মুত্তালিব, ফরহাদ আলি মেম্বারসহ আরও অনেকে।
বক্তারা প্রয়াত চিকিৎসকের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY